আস্থা ডেক্স : গত ২৭ ফেব্রুয়ারী (শুক্রবার) রাতে ভারতের কলকাতায় আত্মগোপনে থাকা টাঙ্গাইলের সাবেক এমপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের জেলার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম মৃত্যুবরণ করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। জুলাই গণ অভ্যুত্থানে সরকার পতনের পর ভারতের কোলকাতায় আত্মগোপন করেন ৭০বছর বয়সী অ্যাডভোকেট জোয়াহের । তিনি মাল্টি অর্গান ফেইলিওর ও হৃদরোগে আক্রান্ত হয়ে ২০২৬ সালের ২৭ ফেব্রুয়ারি কলকাতার দমদমে অবস্থিত ফিনিক্স মেডিকেল সেন্টার হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সরকারের অনুমতির অপেক্ষায় মৃত্যুর পরবর্তী সময় থেকে আওয়ামীলীগের সাবেক ওই সংসদ সদস্যের মরদেহ সংরক্ষণের জন্য কলকাতার পিস হেভেনে নেওয়া হয়েছে। পালিয়ে থাকে সাবেক ওই সংসদ সদস্যের অসুস্থতার খবর পেয়ে মেডিকেল ভিসায় কলকাতায় যান তার মেয়ে ও স্ত্রী ।
পারিবারিক সূত্রে জানা গেছে, ভারতে মৃত সাবেক এমপি জোয়াহেরুল ইসলামের মরদেহ দেশে আনার জন্য সরকারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। সরকারের অনুমতি পাওয়া গেলে কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশন থেকে প্রয়োজনীয় অনাপত্তিপত্র (এনওসি) মিলবে বলে আশা করছেন তারা।
২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানে পতিত আওয়ামীলীগ সরকারের নেতাকর্মীদের দেশত্যাগের সময় ভারতে কোলকাতায় আত্মগোপন করাসহ সেখানে বসবাস শুরু করেন টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনের সাবেক সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম। তিনি পেশায় টাঙ্গাইল আদালতের আইনজীবী ছিলেন। তিনি ভিপি জোয়াহের নামেও সুপরিচিত ছিলেন। ২০১৭ সালে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্বপান। ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হত্যাসহ একাধিক মামলা রয়েছে।
জোয়াহেরুল ইসলাম টাঙ্গাইল জেলার সখিপুর উপজেলার বেড়বাড়ী গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম পরান আলী মিয়া ও মাতার নাম মালেকা বেগম। শিক্ষাজীবনে তিনি স্নাতকোত্তর ও এলএলবি ডিগ্রি অর্জন করেন।
১৯৭৯ সালে সরকারী সাদাত বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি, টাঙ্গাইল জেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক, ১৯৮০ সালে টাঙ্গাইল জেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি ও ১৯৮৩ সালে জেলা ছাত্রলীগের সভাপতি নির্বাচিত হন। তিনি কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেন। নব্বইয়ের স্বৈরাচার বিরোধী আন্দোলনের সময় গঠিত ছাত্র সংগ্রাম পরিষদের টাঙ্গাইল জেলা কমিটির আহ্বায়ক ছিলেন।
অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলামের(ভিপি জোয়াহের) মৃত্যুতে দলীয় নেতাকর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শোক প্রকাশ করছেন।
রোববার ১ মার্চ রাত সাড়ে দশটার সময় আওয়ামী লীগের সাবেক এমপি জোয়াহেরুল ইসলামের মরদেহ বেনাপোল সীমান্তে হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছেন তার ছোট ভাই ও সখীপুর উপজেলার যাদবপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এ কে এম আতিকুর রহমান আতোয়ার।








