আস্থা ডেক্স : টাঙ্গাইলে গায়ের রঙ কালো হওয়ায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার দায়ে স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (২০ এপ্রিল) দুপুরে টাঙ্গাইলের স্পেশাল জজ আদালতের বিচারক দিলারা আলো চন্দনা এ দণ্ডাদেশ দেন। দণ্ডিত স্বামী টাঙ্গাইল শহরের দিঘুলিয়া এলাকার আ. বারেকের ছেলে মো. সোলায়মান (৪৭)।
টাঙ্গাইলের স্পেশাল জজ আদালতের পিপি অ্যাডভোকেট মো. শাহজাহান কবীর বলেন, ২০০৬ সালে টাঙ্গাইলের নাগরপুর উপজেলার শাহজানী গ্রামের মৃত আশরাফ আলীর মেয়ে আয়শা বেগমকে (২০)বিয়ে করেন সোলায়মান। গায়ের রঙ কালো হওয়ায় স্বামীর বাড়ির লোকজন আয়শাকে নির্যাতন করতে থাকে। বিগত ২০০৭ সালের ৫ মার্চ রাতে স্বামী সোলায়মান ছয় মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী আয়শাকে শ্বাসরোধে হত্যার পর মরদেহ টাঙ্গাইল সদর উপজেলার গালুটিয়া গ্রামের একটি বাঁশঝাড়ে ফেলে রাখে।
স্থানীয় লোকজন বাঁশঝাড়ে মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। পুলিশ মরদেহ উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। পরদিন ৬ মার্চ আয়শার মামা আদম আলী বাদি হয়ে স্বামী সোলায়মান, শশুর আ. বারেক, শ্বাশুরী আর ভাসুর ইউসুফ আলীকে আসামি করে সদর থানায় মামলা দায়ের করেন।
হত্যাকাণ্ডের দীর্ঘ ১৯ বছর পর সোমবার আসামি সোলায়মানকে যাবজ্জীবন কারাদণ্ড এবং অপর তিন আসামিকে খালাস দেন আদালত। রায়ের সময় দণ্ডিত আসামি আদালতে হাজির ছিলেন না। তার অনুপস্থিতিতেই রায় পড়ে শোনান বিচারক।








