টাঙ্গাইলের মধুপুর উপজেলায় পরিত্যক্ত সেপটিক ট্যাংকে নেমে এক হৃদয়বিদারক দুর্ঘটনায় বাবা-ছেলেসহ একই পরিবারের চারজনের মৃত্যু হয়েছে। শনিবার (২০ জুন) সকালে উপজেলার জলই গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, একটি ছাগল পরিত্যক্ত সেপটিক ট্যাংকের ভেতরে পড়ে গেলে প্রথমে একটি শিশু সেটি উদ্ধারের জন্য ট্যাংকের ভেতরে নামে। দীর্ঘ সময় ধরে তার কোনো সাড়া না পেয়ে একে একে আরও তিনজন ভেতরে প্রবেশ করেন। কিন্তু তারাও আর ফিরে আসেননি।
পরে সবাই নিখোঁজ থাকায় স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেন। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে ট্যাংক থেকে চারজনের মরদেহ উদ্ধার করে।
নিহতরা হলেন— নেইমার ম্রং (১০), রতন নকরেক (২৫), গ্যাব্রিয়েল নকরেক (৪৫) এবং বাবলু হাজং (৩৫)।
এ বিষয়ে মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম ফজলুল হক বলেন, ফায়ার সার্ভিস চারজনের মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হবে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।








