আস্থা ডেক্স : টাঙ্গাইল পৌর শহরে আকুর টাকুর পাড়ায় স্থাপিত তারতীলুল ক্যাডেট আবাসিক মাদরাসার তিন ছাত্রকে দিয়ে প্রতিষ্ঠানের প্রচারণার পোস্টার লাগানোর অভিযোগ উঠেছে চেয়ারম্যানের বিরুদ্ধে। গত শুক্রবার (৪ সেপ্টেম্বর ) মধ্যরাত সোয়া ১২ টার দিকে শহরের নিরালা মোড়ে ক্যাডেট আবাসিক মাদরাসার হিফজ বিভাগে পড়ুয়া ওই তিন ছাত্রকে একঘন্টার মাদরাসা নামক সহযোগী একটি প্রতিষ্ঠানের প্রচারণার পোস্টার দেয়ালে দেয়ালে লাগাতে দেখা গেছে । জিজ্ঞাসাকালে ছাত্ররা জানায়, মাদরাসার চেয়ারম্যান তাদের সন্ধ্যা থেকে শহরের দেয়ালসহ ফাঁকা জায়গায় পোস্টার লাগাতে পাঠিয়েছেন। এ সময় ক্যাডট মাদরাসাটির হিফজ বিভাগে অধ্যায়নরত ওই ছাত্রদের নাম, ঠিকানাসহ প্রতিষ্ঠানের পরিচয় নিশ্চিত হন প্রকাশিত সংবাদের প্রতিবেদক।
শিশু শিক্ষার্থীদের কুরআনসহ ধর্মীয় শিক্ষার আশায় মাদরাসায় পাঠানোর সুযোগ নিয়ে সন্ধ্যার পর শিশুদের বাইরে চলাফেরা চরম বিপদজনক জেনেও রাত ১২টা অবধি আবাসিকের তিন ছাত্রকে দিয়ে পোস্টার লাগানোর ধৃষ্টতা দেখানোর কঠোর সমালোচনা করেছেন অভিভাবকসহ শিক্ষানুরাগীরা। প্রতিষ্ঠানের বাণিজ্যিক প্রচারণার পোস্টার লাগাতে পাঠানোর আদেশদাতা ওই মাদরাসা চেয়ারম্যানের কঠোর শাস্তির দাবিও করেন তারা।
পোস্টার লাগানোর কাজে নিয়োজিতরা হলেন- তারতীলুল কুরআন ক্যাডেট আবাসিক মাদরাসার হিফজ বিভাগে পড়ুয়া ছাত্র আবু তালহা (১১)সিরাজগঞ্জ জেলার চৌহালী,উপজেলার ঘাসপুকুরিয়া গ্রামের মুফতি সেলিম সরকার এর ছেলে, একই এলাকার ছাত্র মির্জা তাসিন (১২) ও মো. মোজাহেরুল ইসলাম মুজাহিদ জেলার নাগরপুর উপজেলার ডুমুরিয়া গ্রামের আব্দুস সালাম এর ছেলে।
দেশব্যাপি প্রায় প্রতিনিয়ত ছাত্র বলৎকার, অমানবিক নির্যাতনসহ সীমাহীন অবক্ষয়ের তথ্য প্রকাশের ফলে দিনদিন মাদরাসা শিক্ষা ব্যবস্থা চরম বিতর্কিত হয়ে উঠেছে । এরই মাঝে হিফজ বিভাগের আবাসিকের তিন ছাত্রকে দিয়ে সন্ধ্যা থেকে মধ্যরাত অবধি প্রতিষ্ঠানের প্রচারণার পোস্টার লাগানোর কাজটি চরম বর্বরতার শামিল। অর্থের বিনিময়ে অভিভাবকরা নিজেদের বাচ্চাদের কুরআন শিক্ষা নিতে যেখানে পাঠিয়েছেন ,প্রতিষ্ঠানের শিক্ষাগুরুর এ আচরণ চরম অবমানকর ও শাস্তিযোগ্য অপরাধ বলে দাবি করেছেন অনেকেই।
২০২৩ সালে কার্যক্রম শুরু করেছে তারতীলুল কুরআন ক্যাডেট মাদরাসাটি। এর হিফজ আবাসিক শাখায় বর্তমানে ১২ জন ছাত্রসহ ডে- নাইট শাখায় ২ জন রয়েছে বলে আবাসিক পরিচালক নিশ্চিত করেছেন। মাদরাসার আবাসিকের প্রতিজন ছাত্রের মাসিক বেতন সাত হাজার,প্রতি সিফট এক হাজারসহ অপর একঘন্টার মাদরাসায় এক হাজার টাকা মাসিক বেতনে মোট ৩২জন শিক্ষার্থী ভর্তি আছেন।
গত শুক্রবার সন্ধ্যায় মাদরাসার চেয়ারম্যান নাজমুল ইসলামের পরিচালিত একঘন্টার মাদরাসা নামক ভিন্ন একটি প্রতিষ্ঠানের পোস্টার লাগানোর কাজে আবাসিকের হিফজ বিভাগের ওই তিন ছাত্রকে পাঠিয়েছেন। কাজটি ঠিক না হলেও উনার আদেশ অমান্য করার সুযোগ আমার নেই বলে জানিয়েছেন আবাসিক পরিচালক আব্দুর কাদের।
প্রতিষ্ঠানের ক্ষতি ঠেকাতে নিজেসহ ওই তিন ছাত্রকে দিয়ে শহরে প্রচারণার জন্য দেয়ালসহ ফাঁকা স্থানে পোস্টার লাগানোর কাজে পাঠানোর কথা স্বীকার করেছেন তারতীলুল কুরআন ক্যাডেট মাদরাসার চেয়ারম্যান মো. নাজমুল ইসলাম। আবাসিকের ছাত্রদের পোস্টার লাগাতে পাঠানোর কাজটি কতটা যৌক্তিক হয়েছে এ প্রশ্নের উত্তর এড়িয়ে যান তিনি।







