আস্থা ডেক্স : ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন এমপি বলেছেন, স্বাস্থ্যসেবা জনগণের মৌলিক অধিকার। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান স্বাস্থ্যখাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন। সরকার জেলা হাসপাতালগুলোকে আরও কার্যকর, পরিচ্ছন্ন ও জনবান্ধব সেবাকেন্দ্রে পরিণত করতে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। ধারাবাহিকভাবে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের চিকিৎসা সেবার মানোন্নয়নে সকলের সমন্বিত প্রচেষ্টা জরুরি।
শনিবার(১১ জুলাই) বিকেলে টাঙ্গাইল ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সভাকক্ষে অনুষ্ঠিত জেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
হাসপাতালে চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারীসহ ব্যবস্থাপনা কমিটির সকল সদস্যের সম্মিলিত প্রচেষ্টায় উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সম্ভব। চিকিৎসক সংকট, যন্ত্রপাতি, জনবল, টেকনিশিয়ানের অভাব, লিফটসহ অবকাঠামোগত সমস্যাগুলো চিহ্নিত করে পর্যায়ক্রমে সমাধানের উদ্যোগ নেওয়া হবে বলে জানান মন্ত্রী।
টাঙ্গাইল-১(মধুপুর-ধনবাড়ী) আসনের সংসদ সদস্য ও মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন বলেন, জরুরি বিভাগে দ্রুত ও মানসম্মত চিকিৎসা নিশ্চিত করা, রোগীদের সঙ্গে মানবিক আচরণ করা এবং হাসপাতালের পরিচ্ছন্নতা বজায় রাখা। এসব বিষয়ে কোনো ধরনের অবহেলার সুযোগ নেই। রোগীরা যেন হয়রানির শিকার না হন এবং কাঙ্খিত সেবা পান, সে বিষয়ে সবাইকে আন্তরিকভাবে দায়িত্ব পালন করতে হবে।
মন্ত্রী স্বপন আরও বলেন, সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা ও নীতিগত সহায়তা অব্যাহত থাকবে। জনগণের আস্থা অর্জনের লক্ষ্যেই আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
সভায় মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী, টাঙ্গাইল-৫ (সদর) আসনের সাংসদ ও জেনারেল হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সহ-সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক(পদোন্নতিপ্রাপ্ত যুগ্ম-সচিব), পুলিশ সুপার শামসুল আলম সরকার,হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. খন্দকার সাদিকুর রহমানসহ ড্যাব এর স্থানীয় নেতৃবৃন্দ, স্বাস্থ্য বিভাগ, হাসপাতাল কর্তৃপক্ষ এবং জেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।








