কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ এবং খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জানিয়েছেন, রমজান মাস জুড়ে সারা বাংলাদেশে সুলভ মূল্যে খাদ্য সামগ্রী বিক্রি অব্যাহত থাকবে। তিনি বলেন, “প্রায় ১০ লক্ষাধিক পরিবারকে আমরা ন্যায্যমূল্যে দুধ, ডিম ও মাংস সরবরাহ করব। এতে বাজারে অস্থিরতা কমানো সম্ভব হবে।” তিনি আরও উল্লেখ করেন, সময়ক্রমে এই পরিমাণ আরও বাড়ানো হবে।
শনিবার দুপুরে জেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে টাঙ্গাইল শহরের পৌর উদ্যানে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জেলা পর্যায়ে গরুর মাংসের দাম ৭০০ টাকা হলেও, তারা তা সাড়ে ৬শ’ টাকায় সরবরাহ করবে। ডিমের দাম জেলা মূল্য অনুযায়ী ৭ টাকা, যা ঢাকায় ৮ টাকা। প্রতিমন্ত্রী বলেন, “এটি মূলত নিম্ন আয়ের ও প্রান্তিক মানুষের জন্য, যাতে তারা রমজানে পর্যাপ্ত প্রোটিন ও পুষ্টিকর খাবার পেতে পারে।”
প্রতিমন্ত্রী আরও যোগ করেন, পোল্ট্রি শিল্পকে টিকিয়ে রাখতে ব্যবসায়ীদের সহযোগিতা করা হবে, যাতে তারা ক্ষতিগ্রস্ত না হন। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা প্রশাসক শরীফা হক। উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ অধিদপ্তরের কৃত্রিম প্রজননের পরিচালক শাহজামান খান তুহিন, জেলা বিএনপি’র সভাপতি হাসানুজ্জামিল শাহীন এবং অন্যান্য গুরুত্বপূর্ণ কর্মকর্তা।








